কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান ওরফে শুভ (১৬) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার নগরে মানববন্ধন হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করা হয়। কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও পেশাজীবীদের ব্যানারে ওই কর্মসূচি হয়। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নগরের ধর্মসাগর পাড় এলাকায় সরকারি ইজারার জায়গা নিয়ে দুই মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ওই কলেজছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও পেশাজীবীরা। এরপর ৬১ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি দুপুর ১২টায় জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। স্মারকলিপিতে আন্দোলনকারীরা হত্যা মামলার প্রধান আসামি বাহাউদ্দিন রেজার পিস্তলের লাইসেন্স বাতিল, ইজারাকৃত সম্পত্তি বাতিল, শুভর পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সাহায্য দেওয়া ও হত্যা মামলার অভিযোগপত্র দেওয়াসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।কর্মসূচিতে অংশ নেন শহীদুল ইসলাম সেলিম, আবদুল আজিজ, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, শাহনেওয়াজ, ওমর ফারুক, রিয়াদ ওবায়দুল্লাহ প্রমুখ। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হবে।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘বাহাউদ্দিন রেজার পিস্তল ঘটনার দিনই জব্দ করা হয়েছে। লাইসেন্স বাতিলের এখতিয়ার পুলিশের নেই। তদন্ত শেষ হলেই অভিযোগপত্র দেওয়া হবে।’