আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বরগুনার পাথরঘাটায় মো. সেলিম মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার প্রতিবাদে ও ওই ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। পাথরঘাটার সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
মো. সেলিম মিয়া পাথরঘাটা পৌরসভার প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান ওরফে সোহেলের নিয়ন্ত্রণাধীন বিএফডিসি ট্রান্সপোর্টের পরিচালক ছিলেন। সম্প্রতি তিনি ওই ট্রান্সপোর্ট থেকে পৌর কাউন্সিলর রোকনুজ্জামান ওরফে রুকুর নিয়ন্ত্রণাধীন হামিম ট্রান্সপোর্টে যোগ দেন। পরিবারের দাবি, এ ঘটনায় প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাজী হেলাল, কালমেঘা ইউপি সদস্য মো. সলেমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু কাজীসহ ১৩ ব্যক্তি গত ৪ জানুয়ারি সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দেন। এ ঘটনায় পরের দিন মামলা করা হয়।
ওই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে শহরের শেখ রাসেল স্কয়ারে বরগুনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও পাথরঘাটা উপজেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ খালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাথরঘাটা সদর ইউপির সদস্য শাকিল আহমেদ, পৌর কাউন্সিলর মো. রোকনুজ্জামান ও আহত সেলিম মিয়ার মেয়ে সেলিনা বেগম প্রমুখ।
মানববন্ধনে সেলিনা বেগম বলেন, ‘আমার বাবা ১০ দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় অপরিচিত লোকজন গিয়ে হুমকি দিচ্ছেন। আমি আসামিদের গ্রেপ্তার করে বিচার দাবি করছি।’
পাথরঘাটা পৌরসভার প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই মামলা করেছেন বিএনপি নেতা আর মামলার তদবির করছেন আওয়ামী লীগের নেতারা। আর আমার বাবা বরগুনা জেলা পরিষদের সদস্য পদে খালেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় মামলায় আমার লোকজনকে জড়ানো হচ্ছে। তবে সেলিম মিয়াকে মারধরের ঘটনায় আমরা জড়িত নই।’
পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল বলেন, মামলার বাদী পরিবারের কেউ বা আত্মীয় নন। এ মামলায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তা ছাড়া আসামি হলেই তাকে গ্রেপ্তার করা যায় না।