আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনির হোসাইন ও তাঁর গাড়িচালককে হত্যার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। দাউদকান্দির গৌরীপুর বাজারে গতকাল রোববার এ কর্মসূচি পালন করা হয়।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দুপুর ১২টা থেকে এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
গত বছরের ৮ নভেম্বর সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে চেয়ারম্যান মো. মনির হোসাইন (৪০) ও গাড়িচালক মহিউদ্দিনকে হত্যা করে। মনির উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কও ছিলেন।
এ ঘটনায় মো. মনির হোসাইনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ এ পর্যন্ত মামলার ১০ নম্বর আসামি বেলাল আহমেদ ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান ও তাঁর গাড়িচালককে হত্যার মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মনির হোসাইনের স্ত্রী তাহমিনা আক্তার, বড় ছেলে তামিম হোসেন (১৪) ও ছোট ছেলে মাহিন হোসেন (১১), তাঁর বড় ভাই আবদুর রব। আরও ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হোসেন, দাউদকান্দির জিংলাতলি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন।