আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে যৌতুকের দাবিতে কলেজছাত্রী স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বামী ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

নির্যাতনের শিকার কলেজছাত্রী আশরাফুন্নাহার লোপা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জেলা শহরের দমদমা এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলামের মেয়ে এবং শেরপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

লোপার মামা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাশির সঙ্গে রক্ত বের হওয়া বন্ধ না হওয়ায় গতকাল সকালে লোপাকে হাসপাতালের সার্জারি বিভাগ থেকে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা উপপরিদর্শক শাহিনুল ইসলামের সঙ্গে আশরাফুন্নাহার লোপার বিয়ে হয়। এরপর থেকে শাহিনুল যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এর জের ধরে গত ২২ মে রাতে শাহিনুল ও তাঁর পরিবারের লোকজন লোপার ওপর নির্যাতন চালান। এতে লোপা অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় লোপার মা সেলিনা আক্তার ৫ জুন শাহিনুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। শাহিনুল পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) এসআই পদে কর্মরত আছেন।

এ ঘটনায় প্রথম আলোয় ৬ জুন ‘নির্যাতনের শিকার তরুণী, এসআই স্বামীর বিরুদ্ধে অভিযোগ’ এবং ৮ জুন ‘মামলার দুদিনেও গ্রেপ্তার হননি এসআই স্বামী’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই ঘটনার বিচারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে জন-উদ্যোগ, হিউম্যান রাইটস, উদীচী শিল্পীগোষ্ঠী এবং আইনজীবী, গণমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করে অংশ নেন।

মানববন্ধন চলাকালে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ বলেন, নির্যাতনে আহত হয়ে লোপা ৯ দিন ধরে হাসপাতালে কাতরাচ্ছেন। অথচ তাঁর স্বামী এখনো বহাল তবিয়তে আছেন। পুলিশ শাহিনুল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের বিষয়ে একেবারেই নীরব রয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে শেরপুরের সচেতন মহল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এ বিষয়ে পুলিশ সুপার রফিকুল হাসান গনি বলেন, ইতিমধ্যে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এসআই শাহিনুলের ব্যাপারে তথ্য পাঠানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশের নজরদারিতে আছেন।