আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং পরে ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। জগন্নাথপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গতকাল সোমবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী জগন্নাথপুর ডিগ্রি কলেজে পড়তেন। তিনি টিউশনি করে লেখাপড়ার খরচ জোগাতেন। গত ৩১ জুলাই সকালে তিনি বাড়িতে কীটনাশক পান করলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে মারা যান তিনি। এ ঘটনায় ২ আগস্ট জগন্নাথপুর থানায় উপজেলার চরকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে অটোরিকশার চালক ইউনুছ আলীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মেয়েটির বড় ভাই।

মেয়েটির ভাই মামলার এজাহারে উল্লেখ করেছেন, ইউনুছ আলী কলেজে যাওয়া-আসার সময় প্রায়ই তাঁর বোনকে উত্ত্যক্ত করতেন। গত ২৫ জুলাই কলেজ থেকে ফেরার পথে রাস্তায় ইউনুছ ও তাঁর সহযোগীরা তাঁকে জোর করে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি বাড়িতে এসে ঘটনা জানালে তাঁদের পরিবারের পক্ষ থেকে ইউনুছের পরিবারের কাছে গিয়ে বিষয়টি জানানো হয়। কিন্তু ইউনুছের পরিবার বিচার না করে উল্টো তাঁদের অপমান করে তাড়িয়ে দেয়। এ কারণে ৩১ জুলাই মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) মঈন আহমদ বলেন, পুলিশ মামলাটি গুরুত্বসহকারে দেখছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবদুর নুর, শিক্ষক আবদুর রউফ, শিক্ষার্থী মাসুম হোসেন, লিটু মিয়া, রনি রাজ, মিছবাহ আহমদ, জুনেদ মিয়া, তাহা আহমদ, নাজমা বেগম, সাজনা বেগম, জাবির চৌধুরী, লিলু মিয়া, আকমল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিসহ মামলার সব আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।