ঢাকার কেরানীগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া এসিডে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদ, আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। প্রথম আলো বন্ধুসভার কেরানীগঞ্জ শাখার বন্ধুরা এ কর্মসূচির আয়োজন করেন। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। এতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা খাতুন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মো. সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির আহ্বায়ক নাজিমউদ্দিন, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম আরা শরীফ, কেরানীগঞ্জ বন্ধুসভার আহ্বায়ক রাসেদ আলম, এ লতিফ চেরিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তাসহ তিন শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় ইউএনও শাহিনা খাতুন বলেন, এসিড নিক্ষেপের ঘটনাটি দুঃখজনক। দোষীদের উপযুক্ত বিচার করা হবে। আহত ব্যক্তিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। হাজি সেলিম বলেন, এসিড নিক্ষেপকারীদের শিগগির গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির আহ্বায়ক নাজিমউদ্দিন বলেন, এসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।আর্থিক সহায়তা: আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে আহত ব্যক্তিদের স্বজনদের হাতে এ অর্থ তুলে দেন। এসিড-সন্ত্রাসের শিকার পরিবারের সহায়তার লক্ষ্যে দক্ষিণ হাসনাবাদের এ লতিফ চেরিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরে আলম জিতু সরদার গতকাল এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়ক তহবিলে ১০ হাজার টাকা দেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, এসিডদগ্ধদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত শুক্রবার রাতে এসিড হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় গত শনিবার চারজনকে আসামি করে মামলা করা হয়। পুলিশ ইতিমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে।