আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের এ কে এম কলেজ ক্যাম্পাসে শত শত শিক্ষার্থীর সামনে শাহাদাৎ হোসেন (২০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার সকালে তাঁরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন এবং ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন। পরে তাঁরা কালিকাপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন।স্মারকলিপিতে বলা হয়, শহরের পশ্চিম কালিকাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে, ভাড়ায় মোটরসাইকেলের চালক, শাহাদাৎ কে গত ২৬ জুলাই দুপুরে ওই কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শাহাদাৎ -এর চাচা আলতাফ হোসেন তালুকদার সদর থানায় হাসান বাহিনীর হাসান সিকদার, নিজাম ওরফে বাডি নিজাম, মিজান হাওলাদার, এনামুল সিকদার, মুছা সিদকার, মনির প্যাদা ও সেলিম সিকদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পূর্ব-বিরোধের জের ধরে ঘটনার তিন দিন আগেও আসামিরা শাহাদাৎ কে মারধর করে। এ ব্যাপারে এলাকায় সালিসের কথা উঠলে ক্ষিপ্ত হন হাসান। বিরোধ মিটিয়ে ফেলার জন্য গত মঙ্গলবার ওই কলেজে ডেকে নিয়ে শত শত শিক্ষার্থীর সামনে এলোপাতাড়ি কুপিয়ে শাহাদাৎ কে হত্যা করা হয়।