‘কষ্ট করে লেখাপড়া করে যে ছেলেটা পরীক্ষায় পাস করল, সে পাসের আনন্দটা উপভোগ করতে পারল না। সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করল একটি পরিবারের স্বপ্নকে। আমরা এখানে কাঁদতে আসিনি, খুনিদের ফাঁসির দাবি নিয়ে এসেছি।’সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী শাহিন খান ও তাঁর সহোদর শামীম খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চলাকালে কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ আবেগাপ্লুত কণ্ঠে এসব কথা বলেন। কলেজের শিক্ষার্থীরা মাইজগাঁও-সার কারখানা সড়কে গতকাল রোববার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।কলেজের ছাত্র সৈয়দ তায়েফুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুল বাছিত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ফয়জুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে শাহিন ও শামীমের খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।৩ আগস্ট রাতে ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে শাহিন খান ও তাঁর ভাই শামীম খানকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রউফসহ তিন ব্যক্তিকে জনতার সহায়তায় পুলিশ আটক করে।