আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র শাহিন খান ও তাঁর বড় ভাই শামীম খান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার এলাকাবাসীর উদ্যোগে উপজেলা সদরের থানা সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুর ১২টা থেকে এক ঘণ্টার মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় থানা সড়কে আসেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আনোয়ার হোসেন। সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষক শহিদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল মতিন, পারভেজ আহমদ, হাজি এনাম ও নিহত দুই ভাইয়ের বাবা ছানু মিয়া। এর আগে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফেঞ্চুগঞ্জ বাজারে একটি মিছিল বের করা হয়।
ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে সন্ত্রাসীরা ৩ আগস্ট রাতে শাহিন খান (২০) ও তাঁর ভাই শামীম খানকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তখন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রউফসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরদিন নিহত ব্যক্তিদের বড় ভাই শাকিল খান বাদী হয়ে আবদুর রউফ, তাঁর দুই ছেলে আসাদুর রহমান, মাহবুবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।