ফেনীর দাগনভূঞা উপজেলায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এলাকাবাসী জানান, গতকাল বিকেলে এলাকার সর্বস্তরের লোকজন ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার কোরেশমুন্সি বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। যুবলীগের দাগনভূঞা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাত দিনের মধ্যে মামলার প্রধান আসামি সাইফুদ্দিন ওরফে লিটুসহ আসামিদের গ্রেপ্তার করা না হলে দাগনভূঞায় হরতাল দেওয়া হবে। বক্তারা আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
৯ সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীনের ছোট ভাই সাইফুদ্দিন ও তাঁর সহযোগীরা এক বিধবাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে।