আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় এক গৃহবধূ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মাদারগঞ্জ সড়কে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেণী-পেশার দুই সহস্রাধিক মানুষ অংশ নেন।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকতার বানু, আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহারিয়া খান, জেলা নারী মুক্তি কেন্দ্রের সভানেত্রী রোকেয়া খাতুন, নাগরিক কমিটির সভাপতি হান্নান মণ্ডল প্রমুখ। বক্তারা বলেন, গৃহবধূকে গণধর্ষণ করার ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করেনি। উল্টো পুলিশ মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
গত ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার উত্তর হাটবামুনি গ্রামের এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে একই উপজেলার যুবলীগের দামোদরপুর ইউনিয়ন শাখার সদস্য রানা মণ্ডল, নজরুল মিয়া, জাহাঙ্গীর আলম ও আনারুল কাজীসহ আটজনকে আসামি করে মামলা ২৫ সেপ্টেম্বর সাদুল্যাপুর থানায় মামলা করেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ সঠিক নয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।