আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে শিক্ষার্থী মো. আলামিন হত্যাকাণ্ডের ১০ দিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
নিহত আলামিন টাঙ্গাইল হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির (হ্যাবিট) ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি টাঙ্গাইল শহরের চরপাতুলী গ্রামের অটোটেম্পোচালক কেতাব আলীর ছেলে।
গতকাল সকালে আলামিনের স্বজনসহ চরপাতুলী গ্রামের সহস্রাধিক লোক শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে নিরালা মোড়ে এসে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত আলামিনের বাবা কেতাব আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক জাফর আহমেদ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর সালাহউদ্দিন হায়দার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কেতাব আলী জানান, আলামিন গত ২২ মে চরপাতুলী গ্রামের আজিজ মাতব্বরের বাড়ির কাছে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে আদি টাঙ্গাইলের মাঝিপাড়া এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী চারটি মোটরসাইকেলে করে এসে ফিল্মি কায়দায় তাঁকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা মাঝিপাড়া এলাকার একটি চালকলের ফাঁকা জায়গায় আলামিনকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় আলামিনের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকার লোকজন তাঁকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ২৬ মে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ওই দিন সেখানেই আলামিনের মৃত্যু হয়।
২৮ মে আলামিনের বাবা কেতাব আলী বাদী হয়ে ফারুক, সুমন মিয়া, মাইকেল সুমন, আল আমিন, কোয়েল, শরীফ, শাকিলসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও তিনজনকে অজ্ঞাতনামা দেখিয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন। কিন্তু আজও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।