আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী শিশু ও নারীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আদিবাসী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ হেমব্রম, আদিবাসী পরিষদের সদস্য মন্টু সরদার, বিজয় ইনগুয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নকুল পাহান, নিয়ামতপুর আদিবাসী ছাত্র পরিষদের সদস্যসচিব বরুন রবি দাশ প্রমুখ।
স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন উপজেলার পাড়ইল ইউনিয়নের সোম সরেন তিন বছরের এক শিশুকন্যাকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরদিন মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শিশুটি হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর শয্যায় চিকিৎসাধীন। অতিরিক্ত রক্তপাত হওয়ায় শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে।
ঘটনার ছয় দিন পর ২৯ জুন মেয়ের বাবা বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটা ধর্ষণ মামলা দায়ের করলেও এখন পর্যন্ত পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুকুল জানান, বিষয়টি তাঁদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। আসামি পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হচ্ছে না।
এদিকে ২৯ জুন উপজেলার চন্দননগর ইউনিয়নে এক আদিবাসী নারী (৩০) ধর্ষণচেষ্টার শিকার হন। ওই ঘটনায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, লুৎফর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে কয়েকটি বাঁশ কেনেন ওই নারী। ২৯ জুন সেই বাঁশ নিয়ে বাড়ি ফেরার পথে আবদুর রশিদ ও বাবু রাস্তায় ওই নারীকে আটকে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তিনি বাধা দিলে তারা তাঁকে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে তারা তাঁকে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ২৯ জুন ওই নারীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।