আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক শামসুল আলম হত্যার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। গতকাল শনিবার বিকেলে কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে একই দাবিতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বাংলা বিভাগের শিক্ষক শামসুল আলমকে ২০১৪ সালে ৩১ অক্টোবর সালিস বৈঠকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী দিলশাত বেগম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন। মামলায় মো. শামসুল আলমের চাচাতো ভাই আবদুল মালেককে প্রধান আসামি করা হয়েছিল। কিন্তু পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
মানববন্ধনে বক্তারা বলেন, আসামিরা বাদীকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এক বছর পার হলেও পুলিশ অভিযোগপত্র দেয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীন, শামসুল আলম, সন্তোষ কুমার শীল, রুহুল আমিন ভূঁইয়া, মাঈনুদ্দীন, উত্তম কুমার দাশ, ফারুক আহমেদ, নুরুল ইসলাম, আবদুল গফুর, শফিকুল ইসলাম, রফিক উদ্দীন, আবদুর রাজ্জাক, আবু তাহের প্রমুখ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।