জামালপুর রেলস্টেশনে পুলিশের মারধরে মুক্তিযোদ্ধা মো. আবদুল বারীর (৬০) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরের দয়াময়ী চত্বরে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। এর আগে মানববন্ধনে যোগ দিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী চত্বরে উপস্থিত হন।
হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে পরিচালিত করতে রেল বিভাগের তদন্ত কমিটির সদস্যরা তৎপর বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। এ সময় তাঁরা রেল বিভাগের বর্তমান তদন্ত কমিটি বাতিল করে নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানান। সেই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে জামালপুরের সাত উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরাসহ নিহত আবদুল বারীর পরিবারের সদস্যরা অংশ নেন।
গত সোমবার সকালে বিনা টিকিটে রেলভ্রমণের অভিযোগে মুক্তিযোদ্ধা আবদুল বারীর ছেলে মাজহারুল হককে আটক করে জামালপুর রেলওয়ে পুলিশ। খবর পেয়ে আবদুল বারী স্টেশনে গেলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে এক পুলিশ সদস্য ঘুষি মারেন। এ সময় তিনি মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।