
ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া গ্রামের স্কুলছাত্রী আকলিমা আক্তার ওরফে নাভিলাকে (১৪) ধর্ষণের পর হত্যা মামলার চার দিন পার হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সোমবার এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সমাবেশে বক্তারা বলেন, মামলার পর আসামিরা বাড়ির গরু-বাছুর বিক্রি করে পালিয়েছেন। তবে তাঁরা ভোলাতেই অবস্থান করছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের গাফিলতি রয়েছে। এখন আসামিরা সমঝোতার জন্য ক্ষমতাসীন ব্যক্তিদের পেছনে ঘুরছেন।
ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আবদুল হাই বলেন, প্রকৃত অপরাধী যে-ই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সমঝোতার সুযোগ নেই।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভেদুরিয়া ইউনিয়নের কয়েক শ গ্রামবাসী, ছাত্র-শিক্ষক ও মাঝিরহাট বাজারের ব্যবসায়ীরা উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, আসামিরা ক্ষমতাসীন ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় আশ্রয় নিতে চেষ্টা করছেন। প্রভাবশালী ব্যক্তিরা ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তন করার চেষ্টা করছেন। এর আগেও হত্যা ও ধর্ষণ করে এই আসামিরা পার পেয়েছেন। আকলিমা আক্তার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ইউনিয়নে এ রকম ঘটনা ঘটতেই থাকবে।
সভায় বক্তব্য দেন উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাসুদ, পরিচালনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি আবদুস সালাম, প্রাক্তন ছাত্র মনির হোসেন, ভেদুরিয়া ইউপির সদস্য মো. ফরিদ প্রমুখ।
ভোলা সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের অভিযোগ ভিত্তিহীন। মেডিকেল বোর্ড বসে দ্রুত রিপোর্ট দেওয়া হবে।
গত বুধবার রাতে উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আকলিমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন আকলিমার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য, তাঁর ছেলেসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে মামলা করেন।
এজাহারে বলা হয়, প্রতিবেশী ওই ইউপি সদস্যের ছেলে ও তাঁর কয়েক বন্ধু আকলিমা আক্তারকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পরে আকলিমার গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যার নাটক করা হয়। তাঁরা নিজেরাই লাশ গোপনে হাসপাতালে নেন এবং ধর্ষণের আলামত নষ্ট করার চেষ্টা করেন।
গতকাল বেলা একটার দিকে ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়ে দেখা যায় ঘর তালাবদ্ধ ছিল। এলাকার কয়েকজন বলেন, ওই ইউপি সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা মামলার পর হাঁস-মুরগি, গরু-ছাগল বিক্রি করে পালিয়ে গেছেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, তাঁরা প্রতিদিন আসামিদের ধরার জন্য পুলিশ পাঠাচ্ছেন। কিন্তু আসামিরা পালিয়ে বেড়াচ্ছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের ধরা সম্ভব হয়নি।