নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভটেরকান্দি গ্রামের গৃহবধূ তানিয়া আক্তার হত্যার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মানববন্ধনে এলাকাবাসী ও স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২ ফেব্রুয়ারি রাতে ভটেরকান্দি গ্রামের কবির হোসেন তাঁর স্ত্রী তানিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যা করে ছেলেকে (৩) নিয়ে পালিয়ে যান। হত্যাকাণ্ডের পরদিন নিহত তানিয়ার বাবা তালেব আলী বাদী হয়ে কবির হোসেনসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। এখন পর্যন্ত পুলিশ কবিরকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো কবিরের পক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছে।
তানিয়ার বাবা তালেব আলী ও মা রুমী বেগম বলেন, ‘আমার মেয়েকে যৌতুকের দাবিতে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন আমাদের হত্যার হুমকি দিচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছি।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।