আসামিদের গ্রেপ্তারের দাবিতে লিমনের মায়ের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে আবেদন করেছেন লিমনের মা হেনোয়ারা বেগম। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মো. মজিদ আলীর সঙ্গে দেখা করে আবেদনপত্র তাঁর হাতে তুলে দেন হেনোয়ারা। আবেদনে বলা হয়েছে, গত ২৩ মার্চ বিকেলে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির কাছের জমাদ্দার হাট সেতু থেকে লিমনকে ধরে পাশের শহীদ জমাদ্দারের বাড়ির সামনে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে লিমনের বাঁ পা কেটে ফেলতে হয়। এ ঘটনার বিচার দাবি করে র‌্যাবের উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ ছয় র‌্যাব সদস্যকে আসামি করে গত ১০ এপ্রিল তিনি (হেনোয়ারা বেগম) বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হত্যাচেষ্টার মামলা করেন। আদালত রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার গ্রহণের নির্দেশ দিলেও রাজাপুর থানা কর্তৃপক্ষ দুই সপ্তাহেও মামলা নথিভুক্ত করেনি। হেনোয়ারা বেগম ২৪ এপ্রিল বিষয়টি অভিযোগ আকারে আদালতে তুলে ধরেন। আদালত ৪৮ ঘণ্টার মধ্যে মামলা লিপিবদ্ধ করে একই সময়ের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেন। এই আদেশের পর ২৬ এপ্রিল রাজাপুর থানা কর্তৃপক্ষ লিমনের মায়ের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলা করার প্রায় তিন মাস অতিবাহিত হলেও মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেননি। বরং র‌্যাবের পক্ষ হয়ে স্থানীয় সন্ত্রাসী মানিক জমাদ্দার ও নেতা ইব্রাহীম মামলা তুলে নিতে হেনোয়ারা বেগমকে হুমকি দিচ্ছেন। পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, ‘লিমনের মায়ের আবেদন পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজাপুর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’