আসামিদের গ্রেপ্তারের দাবিতে সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সংঘর্ষে স্কুলছাত্র ইমরান হোসেন নিহতের ঘটনায় করা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। ভাঙ্গাবাড়ী এলাকার পঞ্চায়েত কমিটির কার্যালয়ে নিহতের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে গতকাল শনিবার এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় আসামিদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সংবাদ সম্মেলনে পঞ্চায়েত কমিটির সভাপতি কেরামত উল্লাহ সভাপতিত্ব করেন। নিহতের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুজাবত আলী। এ সময় বলা হয়, গত সোমবার ওই সংঘর্ষের সময় দিয়ারধানগড়ার দুর্বৃত্তদের হাতে দিনমজুর ইকবাল হোসেনের ছেলে ইমরান হোসেন নিহত হয়। ওই দিনই এ ঘটনায় ৮৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। সাত দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় মানববন্ধন, হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে নিহত ইমরানের মা, বোন ও পৌরসভার প্যানেল মেয়র (০২) সেলিম আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে শহরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ী মহল্লাবাসীর মধ্যে বিরোধ চলছে। সোমবার দুই মহল্লাবাসীর সংঘর্ষে ইমরান নিহত হয়।