আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকতা বিভাগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানকে মারধরের ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে এ মানববন্ধন হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘আমরা বারবার এভাবে রাস্তায় দাঁড়াতে চাই না। এর আগে আমার বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন হত্যার বিচার দাবিতে রাস্তায় দাঁড়িয়েছি, কিন্তু বিচার পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আরাফাত হামলার শিকার হয়েছেন। কারা এই হামলায় দায়ী তা আমরা সুনির্দিষ্টভাবে থানায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেছি।’

বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন বলেন, আরাফাত সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তাঁকে সম্পূর্ণ অন্যায়ভাবে মারধর করা হয়েছে।

গত সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বাস ভাঙচুর করছিলেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এ ঘটনার ছবি তোলায় তাঁরা আরাফাত রহমানকে মারধর করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিন রাতেই ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।