পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানিতে পেপারবুক থেকে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপন চলছে। নবম দিনের শুনানিতে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আরও ৭১ জন আসামির জবানবন্দি উপস্থাপন করে।
বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। পেপারবুক থেকে এ পর্যন্ত রাষ্ট্রপক্ষ ২৩৫ আসামির জবানবন্দি উপস্থাপন করেছে।
এই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য গত জানুয়ারির শুরুতে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। ১৮ জানুয়ারি শুনানি শুরু হয়। পেপারবুক থেকে ওই দিন মামলার প্রাথমিক তথ্য বিবরণী ও পরে অভিযোগপত্র উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। অভিযোগপত্র উপস্থাপন শেষে ২৭ জানুয়ারি থেকে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার। পরে জাহিদ সারওয়ার বলেন, পেপারবুক (মামলার বৃন্তান্ত, রায়সহ বই) থেকে গতকাল আরও ৭১ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপন করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৫৩৮ জন আসামি। রোববার শুনানি হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়। রায়ের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে আসামিপক্ষ। খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষও আপিল করে।