আসামিদের জামিন বাতিল ও গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলায় তথ্য গোপন করে হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় গতকাল বুধবার আগাম জামিন পাওয়া পাঁচ আসামির জামিন বাতিল করে দিয়েছেন বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত পাঁচ আসামি মহিদুর রহমান ওরফে বড় মিয়া, সুফি মিয়া, ছকাত মিয়া, আবদুর রেজ্জাক ও মৌলাদ হোসেনের জামিন বাতিল করে অবিলম্বে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা হবিগঞ্জ জেলা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এক সপ্তাহের মধ্যে জানাতেও বলা হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, হত্যার মূল অভিযোগ এজাহারের যে তিনটি পৃষ্ঠায় রয়েছে তা গোপন করে বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে ওই আসামিরা আগাম জামিন নেন। বাদীর আইনজীবী মাহবুব আলী প্রথম আলোকে বলেন, জামিনপ্রাপ্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে বলা হয়েছে। এ ছাড়া হলফনামায় স্বাক্ষরকারীকে সোমবারের মধ্যে আদালতে হাজির করতে বলা হয়েছে। গতকাল আসামিপক্ষের এক আইনজীবী তাঁদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে মাহবুব আলী তথ্য গোপন করার বিষয়টি আদালতে তুলে ধরেন। এতে আদালত আসামিদের আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র করকে এজলাসে ডেকে এনে পুলিশে সোপর্দ করার উদ্যোগ নিলে তিনি ক্ষমা চান। মামলা: গত ১৬ সেপ্টেম্বর এক সংঘর্ষে হবিগঞ্জের বানিয়াচং এলাকার সাইদুর রহমান আহত হন। এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টা ও পরে সাইদুরের মৃত্যু হলে আগের মামলার সঙ্গে হত্যার অভিযোগ যুক্ত করে একটি সম্পূরক আবেদন করা হয়। মামলার ১৮ আসামি এজাহার থেকে হত্যার মূল অভিযোগসংক্রান্ত তিনটি পৃষ্ঠা বাদ দিয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে সংশ্লিষ্ট বেঞ্চ গত ৬ অক্টোবর পাঁচজনকে ছয় মাসের আগাম জামিন দেন।