আসামিদের জামিন বাতিল তিন দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা মনিপাড়া কালীমন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় চার আসামির জামিন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোয়াজ্জেম হোসেন এই আদেশ দেন।এর আগে ১০ মার্চ চার আসামিকে জামিন দিয়েছিলেন একই আদালত। এ জন্য ওই হাকিম ও মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমকে হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী সতর্ক করে দিলে গতকাল আসামিদের জামিন বাতিল করা হয়।পুলিশ সূত্র জানায়, ৩ মার্চ রাতে লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা গ্রামের মনিপাড়া কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পরদিন মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস লৌহজং থানায় মামলা করেন। বাদী মামলায় কোনো আসামির নাম উল্লেখ করেননি।ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ মার্চ রাতে হলদিয়া গ্রামের মামুন বেপারী ও কনকসারের শাহ আলমকে গ্রেপ্তার করে। এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে ওই মন্দির ভাঙচুরকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য হাইকোর্টের বিচারপতি এইচ এম শামসুদ্দীন চৌধুরী ৭ মার্চ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর রুল জারি করেন। একই দিন রাতে পুলিশ লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়নের মনির হোসেন ও খিদিরপাড়ার মো. মান্নানকে গ্রেপ্তার করে। এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্যও পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহাবুদ্দিন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে পুলিশ চার আসামিকে হাজির করলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আসামিদের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের জিম্মায় জামিনে মুক্তি দেন। ১০ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোয়াজ্জেম হোসেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহাবুদ্দিন, পুলিশ সুপার, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিকে) হাইকোর্টে তলব করেন।এসব তথ্য নিশ্চিত করে মুন্সিগঞ্জের আদালত পরিদর্শক আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, আসামিদের জামিন দেওয়ায় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমকে এবং আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করায় জ্যেষ্ঠ বিচারিক হাকিমকে সতর্ক করেন হাইকোর্ট। পরে হাইকোর্ট থেকে ফিরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আসামিদের জিম্মাদানকারী কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বেজগাঁও ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ খান, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. মহসিন গাজী ও খিদিরপাড়া ইউপি সদস্য মমতাজ বেগমকে ১৪ মার্চ (গতকাল) আসামিসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।ওই নির্দেশ অনুযায়ী, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা গতকাল চার আসামিসহ হাজির হলে আদালত আসামিদের জামিন বাতিল করেন এবং তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়।