আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর আগামী ৬ আগস্ট রায় দেবেন হাইকোর্ট। এসবের ওপর শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে পথচারী বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। দেশব্যাপী আলোড়ন তোলা ওই হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ রায় দেন। এই রায়ে ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য উচ্চ আদালতে আসে। কারাগারে থাকা আসামিরা আপিল-জেল আপিল করেন। এর ওপর গত ১৬ মে হাইকোর্টে শুনানি শুরু হয়ে গতকাল ১৫তম দিনে তা শেষ হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান। আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, লুৎফর রহমান মণ্ডল, সৈয়দ শাহ আলম প্রমুখ। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে আইনজীবী ছিলেন মোমতাজ বেগম।

বিশ্বজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জন পলাতক রয়েছেন। বাকি আট আসামি কারাগারে আছেন। আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান পরে প্রথম আলোকে বলেন, ‘ডেথ রেফারেন্সের সঙ্গে কারাগারে থাকা আট আসামির করা আটটি আপিল ও ছয়টি জেল আপিলের ওপর একসঙ্গে ১৫ দিন শুনানি হয়। সাক্ষীদের জবানবন্দি ও সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত যে সাজা দিয়েছিলেন, যুক্তিতর্কে সেগুলো তুলে ধরে আসামিদের দণ্ড বহালের আরজি জানিয়েছি।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামের কৌঁসুলি জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনায় এই আসামিদের জড়িয়ে কোনো সাক্ষী প্রত্যক্ষ সাক্ষ্য প্রদান করেননি। নিম্ন আদালতে তাঁদের কোনো সাক্ষী শনাক্ত করেননি। নিম্ন আদালত এই আসামিদের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রের ওপর ভিত্তি করে সাজা দিয়েছেন। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রের সমর্থনে কোনো সাক্ষ্য আদালতে আসেনি—এমন যুক্তি তুলে ধরে তাঁদের খালাস চেয়েছি।’

নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান, ইমদাদুল হক, কাইয়ুম মিয়া, সাইফুল ইসলাম, রাজন তালুকদার (পলাতক) ও নূরে আলম (পলাতক)। যাবজ্জীবন দণ্ডিত ১৩ আসামি হলেন এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম (২), কামরুল হাসান ও মোশাররফ হোসেন। তাঁদের মধ্যে কিবরিয়া ও গোলাম মোস্তফা ছাড়া বাকিরা পলাতক।