খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম প্রথম আলোকে বলেন, পেপার বুক উপস্থাপন করা হচ্ছে। এর মধ্য দিয়ে এই মামলার শুনানি শুরু হলো।
২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটুপাড়া কবরখানা মোড়ে শরীফ মোটরস নামের এক মোটর গ্যারেজে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কমপ্রেশার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় শিশু রাকিবকে। ওই মামলায় ওই বছরের ৮ নভেম্বর রায় দেন খুলনা মহানগর দায়রা জজ আদালত। রায়ে শরীফ মোটরসের মালিক ওমর শরীফ ও তাঁর দূর সম্পর্কের চাচা মিন্টু মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর ১০ নভেম্বর নিম্ন আদালতে রায় ও মামলার নথিপত্র হাইকোর্টে পৌঁছায় এবং নথিভুক্ত হয়।