
খুলনায় শিশু রাকিব হওলাদার হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে।
২০১৫ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত এই মামলায় শরীফ মোটরসের মালিক ওমর শরীফ ও তাঁর সহযোগী মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর বিরুদ্ধে আসামিরা আপিল ও জেল আপিল করেন। পাশাপাশি আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) শুনানির জন্য হাইকোর্টে আসে। বিচারিক আদালতের রায় ঘোষণার ১৪ মাসের মাথায় অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ আদালতে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হলো।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা। শরীফের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও মিন্টুর পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উল ইসলাম।
সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক বলেন, শুনানিতে পেপারবুক থেকে এজাহার, অভিযোগপত্র, আসামিদের জবানবন্দি ও সাক্ষী উপস্থাপন করা হয়। পেপারবুক থেকে মোট ৩৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষী উপস্থাপন শেষ হয়েছে।
২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটুপাড়া কবরখানা মোড়ে শরীফ মোটরস নামের এক মোটর গ্যারেজে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কমপ্রেশর মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় শিশু রাকিবকে।