আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার সকালে পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল মান্নান মোহন প্রথম আলোকে বলেন, পেপার বুক থেকে মামলার এজাহার পড়ে শোনানো হয়েছে। মধ্যাহ্নবিরতির পর আবার শুনানি হবে।

এর আগে ১৭ মে সাত খুনের দুই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তার আগে গত ২২ জানুয়ারি এই ঘটনায় দুটি মামলার ডেথ রেফারেন্সের কপি হাইকোর্টে পৌঁছায়। পরে ২৯ জানুয়ারি এই মামলার পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে তৈরির নির্দেশ দেন প্রধান বিচারপতি। গত ৭ মে ছয় হাজার পৃষ্ঠার পেপারবুক প্রেস থেকে হাইকোর্টে পাঠানো হয়।

২০১৪ সালের এপ্রিলে সাত খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ওই বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের লামাপাড়া এলাকায় র‍্যাবের সদস্যরা চেকপোস্ট বসিয়ে কাউন্সিলর নজরুলের গাড়ি থামান। র‍্যাব গাড়ি থেকে নজরুল, তাঁর তিন সহযোগী ও গাড়িচালককে তুলে নিয়ে যায়। এ সময়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন আইনজীবী চন্দন সরকার। তিনি অপহরণের বিষয়টি দেখে ফেলায় তাঁকে ও তাঁর গাড়িচালককেও র‍্যাব তুলে নিয়ে যায়। পরে তাঁদের সবাইকে হত্যা করে ওই রাতেই পেট কেটে এবং ইটের বস্তা বেঁধে সবার লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেয়। ৩০ এপ্রিল ছয়জন ও পরদিন একজনের লাশ ভেসে ওঠে।

এ বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত সাত খুনের মামলায় পাঁচ বাহিনীর সাবেক ১৬ কর্মকর্তা, সদস্যসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর অপরাধজগতের নয় সহযোগী। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১১ জন সেনাবাহিনী থেকে, দুজন নৌবাহিনী থেকে, তিনজন বিজিবি, সাতজন পুলিশ ও দুজন আনসার থেকে র‍্যাবে যোগ দেন। সাত খুনের মামলার পর তাঁদের নিজ নিজ বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়।