সিলেটে দলীয় কোন্দলে নিহত ছাত্রদল নেতা জিল্লুল হক ওরফে জিল্লু হত্যা মামলার কোনো আসামিকে বিএনপিসহ অঙ্গসংগঠনে কোনো পদ না দেওয়ার বিষয়ে আবেদন জানানো হয়েছে।
জিল্লুলের বড় ভাই আহমেদ আহসান মাহবুব গতকাল মঙ্গলবার লিখিতভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিলেট জেলা ও বিএনপির শীর্ষ নেতাদের কাছে লিখিতভাবে এ আহ্বান জানান।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৭ জুন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুলকে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাদের আসামি করে হত্যা মামলা করা হয়। সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার বিচারকাজ চলছে।
আহমেদ আহসান প্রথম আলোকে বলেন, ‘জিল্লুল হক স্কুলজীবন থেকে বিএনপির আদর্শে উজ্জীবিত। ছাত্রদলকে গতিশীল করার নেতৃত্ব দেওয়ায় দলের ভেতর ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে। এই খুনি-সন্ত্রাসীদের বিচার আদালতে চলমান। এ অবস্থায় বিএনপি বা অঙ্গসংগঠন পুনর্গঠনকালে যাতে অভিযুক্ত ব্যক্তিরা কোনো পদ না পায়, এ জন্য আবেদন করেছি।’
পুলিশ সূত্রে জানা গেছে, জিল্লুল হত্যা মামলায় আসামির সংখ্যা ২৩ জন। এর মধ্যে হেলাল আহমদ নামের এক আসামি গত ৯ সেপ্টেম্বর কেন্দ্র থেকে ঘোষিত ছাত্রদলের সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন। এ ছাড়া মামলার প্রধান আসামি বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহি জেলা বিএনপিতে এবং মদনমোহন কলেজ ছাত্রদল শাখার সভাপতি কাজী মেরাজ, কলেজ ছাত্রদলের দেওয়ান জাকির, নেছার আলম শামীম, জামাল আহমদ খান, ইমাদ উদ্দিন চৌধুরী, গাজী লিটন, সালেহ আহমদ যুবদলে পদ পেতে তৎপরতা চালিয়েছেন।
হেলালের পদ পাওয়া সম্পর্কে জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাঈদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে দিয়েছি।’