নারায়ণগঞ্জে সাত খুন মামলা পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই মামলার গুরুত্বপূর্ণ দুই আসামির প্রতি তিনি পক্ষপাতিত্ব করছেন। এর বিনিময়ে তিনি আসামিদের কাছ থেকে সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগ তুলেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী মামলার বাদী সেলিনা ইসলাম। তিনি প্রশাসনের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ তুলে সরকারি কৌঁসুলি বদলের আবেদন জানিয়েছেন।
স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠানো এ চিঠিতে পিপি ওয়াজেদ আলীকে অদক্ষ ও অযোগ্য উল্লেখ করে বলা হয়েছে, তিনি সাত খুন মামলার আসামি নূর হোসেন ও তারেক সাঈদের দ্বারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। তিনি মামলার সাক্ষীদের এমনভাবে বিভ্রান্ত করছেন, যাতে তাঁদের সাক্ষ্য আসামিদের অনুকূলে যায়। এ ছাড়া বাদীকে বিভিন্নভাবে হয়রানি করে এবং আসামিদের সুবিধা দিয়ে মামলাটি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে চিঠিতে।
চিঠিটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা চিঠির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘সেলিনা ইসলাম
ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে একজন আইনজীবী নিয়োগ করতে পারেন। তাঁর নিযুক্ত আইনজীবী রাষ্ট্রের আইনজীবীর সঙ্গে মিলে কাজ করবেন। তবে নতুন আইনজীবী নিয়োগের ব্যাপারে এখতিয়ার আইন মন্ত্রণালয়ের। আমরা এ বিষয়ে তাঁকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে অনুরোধ জানাব।’
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, তাঁরা এখনো সেলিনা ইসলামের কোনো চিঠি পাননি। চিঠি পেলে বলতে পারবেন পরবর্তী করণীয় কিছু আছে কি না। তবে সেলিনা ইসলাম জানিয়েছেন, তাঁরা আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার কাছেই এ চিঠি দিয়েছেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যেহেতু আমার মাধ্যমে এ আবেদনটি করা হয়েছে, সেহেতু আমি আবেদনটি পাঠিয়ে দিয়েছি।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আবেদনে সেলিনা ইসলাম অভিযোগ করেন, সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ বন্ধু। তা ছাড়া সাক্ষ্য দেওয়ার সময় কৌঁসুলি বিভিন্নভাবে বাদীকে বিভ্রান্ত করে আসামিদের নাম প্রকাশে নিষেধ করেন। সর্বশেষ গত ২১ মার্চ আদালতে বাদীপক্ষের তিন সাক্ষী তাঁদের সাক্ষ্যে আসামিদের রক্ষা করে সাক্ষ্য দেন।
চিঠিতে আরও বলা হয়েছে, কৌঁসুলি প্রকাশ্য আদালতে আসামিদের সঙ্গে অন্তরঙ্গ সখ্য প্রদর্শন করেন, তাঁদের সঙ্গে হাসাহাসি করেন। এসব কারণে বাদী এ মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পিপি ওয়াজেদ আলী মামলা পরিচালনা করলে পরবর্তী সাক্ষীরাও সঠিকভাবে সাক্ষ্য দিতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাদী।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে পিপি ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘একজন ট্রাক হেলপার (নূর হোসেন) আমার বন্ধু কী করে হয়? নজরুল (নিহত কাউন্সিলর) ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমি ছিলাম সভাপতি। আমি কীভাবে তাঁর বিরুদ্ধে যাব?’
আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি কোনো দিন কারও কাছ থেকে এক কাপ চা-ও খাই না। অত্যন্ত খ্যাতির সঙ্গে আমি কাজ করছি। আসামিপক্ষ চারবার এ মামলার স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে। কিন্তু আমি হতে দিইনি।’ তিনি এসব অভিযোগকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
সেলিনা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই পিপির কর্মকাণ্ডে আমার সন্দেহ রয়েছে। তাঁকে অভিজ্ঞতাসম্পন্ন মনে হয় না। তাঁর কারণে আমরা মামলায় হেরে যেতে পারি। তাই আমি অভিজ্ঞতাসম্পন্ন একজন পিপি নিয়োগের জন্য স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন করেছি এবং অনুরোধ জানিয়েছি।’