আসামিদের দ্বিতীয় দফার রিমান্ড শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূবালী ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ৫০ লাখ টাকা ‘খোয়া’ যাওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের দ্বিতীয় দফার রিমান্ড গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। তবে এখনো টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) রিয়াদ মাহমুদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তদন্তে কিছুটা অগ্রগতি হলেও টাকাগুলো এখনো উদ্ধার করা যায়নি। টাকাগুলো উদ্ধারে আসামিদের আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন। তাই আজ বুধবার তাঁদের আদালতে হাজির করে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
পাঁচ আসামি হলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার কর্মকর্তা (জুনিয়র অফিসার-ক্যাশ) রাজিবুর রহমান, ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান, মাজহারুল ইসলাম এবং গাড়িচালক বিজয় কুমার দাশ।
গত বৃহস্পতিবার বিকেলে ব্যাংক কর্মকর্তা রাজিবুর রহমান চট্টগ্রাম নগরের শেখ মুজিব রোড শাখা থেকে সাড়ে ৫০ লাখ টাকা নিয়ে তিন নিরাপত্তারক্ষীসহ গাড়িতে করে সীতাকুণ্ড শাখায় যান। সেখান থেকে আরও ৮১ লাখ টাকা সংগ্রহ করে তিনি চট্টগ্রাম নগরের সিডিএ করপোরেট শাখার উদ্দেশে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর চালক রাজিবুর রহমানকে জানান, গাড়ির পেছনের ডালা খোলা। এ সময় তিনি দেখেন, গাড়িতে থাকা দুটি বস্তার একটি নেই। ওই বস্তায় সাড়ে ৫০ লাখ টাকা ছিল।
এ ঘটনায় ব্যাংকটির সিডিএ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান সীতাকুণ্ড থানায় মামলা করেন।