যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুল ইসলাম ওরফে রিয়াদ হত্যা মামলায় নিরপরাধ ছাত্রদের নাম দেওয়ার অভিযোগ তুলে জেলা ছাত্রলীগের একাংশ আজ বুধবার শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে হত্যা মামলার ছয়জন আসামিও অংশ নেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বন্দ্বে গত সোমবার দুপুরে পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুলকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কুপিয়ে হত্যা করা হয়। পরে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম শামীম হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
গতকাল সন্ধ্যায় নাঈমুলের মামা রফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা সুব্রত ও শামীমসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
রিয়াদ হত্যা মামলায় নিরপরাধ ছাত্রদের নাম দেওয়ার অভিযোগ তুলে পূর্বঘোষণা অনুযায়ী আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চিত্রার মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগের একাংশ। মিছিলটি শহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এরপর মিছিলকারীরা সেখানে পথসভা করেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর কোতোয়ালি থানা ঘেরাও করেছিল ছাত্রলীগের এই অংশটি।
আজকের মিছিলে অংশ নেওয়া ছয় আসামি হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রওশন ইকবাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সজিবুর রহমান এবং সদস্য সালসাবিল আহমেদ, ইয়াসিন মোহাম্মদ ও এসএম জাবেদ উদ্দিন।
রিয়াদ হত্যা মামলার ছয় আসামির মিছিলে অংশ নেওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তিনি দাবি করেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে জেলা ছাত্রলীগের ছয় নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে মামলায় জড়ানো হয়েছে। তাই জেলা ছাত্রলীগের ওই ছয়জন এই মিছিলে অংশ নিয়েছেন।’
এদিকে রিয়াদ হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন বলেন, ‘আমরা বিক্ষোভ ঠেকাব, না আসামি গ্রেপ্তার করব।’