আসামিদের নিয়ে লোকমান হত্যার বিচার চাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মাস পর শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ গত রোববার নিজ জেলা নরসিংদী সফর করে গেছেন। তাঁর সফর ঘিরে জেলায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ, নরসিংদী প্রবেশ করে প্রথমে তিনি লোকমানের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে গোপনীয়তা রক্ষা করা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সভায় তিনি লোকমান হত্যা মামলার আসামিদের নিয়ে মঞ্চে ওঠেন। আসামিদের সঙ্গে নিয়ে লোকমান হত্যার বিচার চান। নরসিংদীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন একই মঞ্চ থেকে। আসামিদের নিয়ে লোকমান হত্যার বিচার চাওয়ার বিষয়টি এখন শহরে অত্যন্ত আলোচিত বিষয়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রী আসার খবরে উত্তেজিত হয়ে উঠেছিলেন লোকমানের সমর্থকেরা। ‘মন্ত্রী ঠেকাও’ স্লোগান নিয়ে তাঁরা মাঠে নামেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। আহত হয় অর্ধশত মানুষ। গণ-গ্রেপ্তারের শিকার হন তাঁরা। এটা ছিল মন্ত্রীর বিরুদ্ধে লোকমানের সমর্থকের ক্ষোভের বহিঃপ্রকাশ। লোকমানের সমর্থকেরা বিশ্বাস করেন, রাজনীতির পথ মসৃণ করতে মন্ত্রীর প্রত্যক্ষ বা পরোক্ষ ইঙ্গিতে ওই হত্যাকাণ্ড ঘটে। সে কারণে বিচারের দাবির পাশাপাশি মন্ত্রী ঠেকাও রাজনীতিতে তাঁরা বেশি সক্রিয় ছিলেন। তাঁদের তোপের মুখে মন্ত্রী দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও নিজ জেলায় আসতে পারেননি। অবশেষে রোববার মন্ত্রীর সফরের মাধ্যমে ১১ মাসের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটল। তবে মন্ত্রীর সফরের পর নরসিংদীর আলোচনার বিষয়বস্তুতে পরিবর্তন এসেছে। এখন গুরুত্ব পাচ্ছে, নরসিংদীর রাজনীতিতে লোকমান পরিবারের আধিপত্য কতটা বজায় থাকবে।লোকমান সমর্থক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এস এম কাইয়ুম বলেন, মন্ত্রীর সফরটি ছিল লোকমান হত্যা মামলার আসামিদের নিয়ে একধরনের মহড়া। শহরের ব্যবসায়ী সিরাজ মিয়া বলেন, ‘মন্ত্রী এত গাড়ি নিয়ে কী বোঝাতে চেয়েছেন। এই মহড়ায় কী নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে? আমার তো মনে হয় না।’শহরের বাসাইল মহল্লার সুতার ব্যবসায়ী তানভীর শফিক বলেন, ‘মামলার মাধ্যমে লোকমানের সমর্থকদের নরসিংদীছাড়া করা হবে বলে মনে হচ্ছে।’ স্থানীয় লোকজনের একাংশের মতে, লোকমানের সমর্থকেরা একপেশে হয়ে গেলে নরসিংদীতে বিপদ ঘটতে পারে। মন্ত্রীর সমর্থকদের কেউ কেউ একক রাজত্ব কায়েম করার চেষ্টা করবেন।তবে মন্ত্রীর সমর্থক হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান মনে করেন, মন্ত্রীর আগমনে নরসিংদীর সার্বিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দল চাঙা হবে।জানা গেছে, প্রয়াত লোকমানের সমর্থকদের বিরুদ্ধে এখন সব মিলিয়ে ছয়টি মামলা আছে। ছয়টি মামলায় আসামি কয়েক শ। তাঁদের মধ্যে ৩৫ জন এখন কারাগারে। সর্বশেষ পুলিশের করা তিনটি মামলা দ্রুত বিচার আইনের আওতায় আনা হয়েছে। এই মামলায় ওই ৩৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানতে চাইলে প্রয়াত লোকমান হোসেনের ছোট ভাই বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মন্ত্রীর সফরের দিন জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদের হরতাল কর্মসূচি ছিল। সবাইকে অবরুদ্ধ করে মন্ত্রী নরসিংদী সফর করে গেলেন। এখন চিরতরে অবরুদ্ধ করার জন্য একের পর এক মামলা দিচ্ছেন। পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, লোকমান খুন হওয়ার পর মোট ছয়টি মামলা হয়েছে। অভিযোগ ট্রেন পোড়ানো, সরকারি কাজে বাধা, সার্কিট হাউসে অগ্নিসংযোগ এবং পুলিশকে লাঞ্ছিত করা।সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সর্বশেষ গাড়ি পোড়ানো ও পুলিশ লাঞ্ছিত করার তিনটি মামলা দ্রুত বিচার আইনে করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের কারও কারও বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হতে পারে।