ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হককে গ্রেপ্তার হওয়া আসামিদের পিস্তল থেকে গুলি করা হয়েছে। গতকাল সোমবার ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে সাক্ষ৵ দেওয়ার সময় এ কথা বলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রামের ফরেনসিক ল্যাবের অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞ (ব্ল্যাস্টিক বিশারদ) মো. আবদুর রহিম।
আদালত আগামী ১০ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। এ তথ্য নিশ্চিত করেন ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ। তিনি বলেন, মো. আবদুর রহিম সাক্ষ্যে জানান আসামিদের কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তল থেকে গুলি করা হয়েছে। একরাম হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে উদ্ধার একটি পোড়া পিস্তল ও মামলার আসামিদের কাছ থেকে উদ্ধার হওয়া দুটি পিস্তল চট্টগ্রামের ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। এতে পোড়া পিস্তল থেকে গুলি হয়েছে কিনা তা বোঝা যায়নি। তবে আসামিদের পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে। এ ছাড়া গতকাল আদালতে ৮ জন আসামির জামিনের আবেদন জানানো হলেও আদালত তা নামঞ্জুর করেন ।
হাফেজ আহাম্মদ বলেন, এ মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে ৪৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার ৫৬ জন আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৪৫ জন। তাঁদের মধ্যে বর্তমানে ২২ জন কারাগারে, ২৩ জন জামিনে ও ১১ জন এখনো পলাতক রয়েছেন। সাক্ষীকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন।
অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী বিগত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে একরামের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হকের গাড়ি গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।