বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার আসামিদের প্রতি নজরদারি বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।গত ২৮ আগস্ট দেওয়া এই চিঠিতে বলা হয়, ঢাকার কেন্দ্রীয় কারাগারসংলগ্ন আলিয়া মাদ্রাসায় স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে পিলখানা হত্যাযজ্ঞ ও বিস্ফোরক আইনে করা মামলার বিচারকাজ চলছে। বিচারকাজ চলাকালে আসামিরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, উচ্চ স্বরে চিৎকার ও অপ্রীতিকর মন্তব্য করে থাকেন। অনেক আসামি হাতকড়া ছাড়াই এজলাসে অবস্থান করেন। ধারণা করা হচ্ছে, আসামিরা কঠোর শাস্তির আশঙ্কায় উগ্র মনোভাব প্রকাশ করতে দ্বিধাবোধ করছেন না। তাই সুযোগ পেলে তাঁরা আদালত কক্ষে, কারাগারে কিংবা পিলখানার ভেতরে যেকোনো ধরনের নাশকতামূলক কাজ করতে পারেন। তাঁদের আত্মীয়স্বজন-সহানুভূতিশীল ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহলের ইন্ধন দেওয়ার সম্ভাবনা থাকতে পারে।এ কারণে আসামিদের ছোট ছোট দলে ভাগ করে রাখা, গুরুতর অপরাধীদের ওপর সার্বক্ষণিক নজরদারি, আসামিদের আনা-নেওয়ার সময় দেহ তল্লাশি আরও জোরদার, দর্শনার্থীদের দেহ তল্লাশি ও তাদের ওপর নজরদারি এবং আসামিদের আনা-নেওয়ার সময় কেউ যাতে কিছু দিতে বা গ্রহণ করতে না পারে এ জন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে নির্দেশনা দেওয়া হয়।এদিকে আদালত সূত্র জানায়, মামলার আসামি জওয়ানদের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সম্প্রতি আদালতের কাছে উপস্থাপন করা হয়। তাতে তাঁদের ডান্ডাবেড়ি খুলে দেওয়াসহ বিভিন্ন দাবি করা হয়।