আসামিদের প্রাণরক্ষায় ক্ষমাপত্র সই করল নিহতের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামিকে ক্ষমা করে দিয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইরের নিহত মোহিদুরের পরিবার। গতকাল সোমবার সিঙ্গাইর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকে মোহিদুরের পরিবার ক্ষমাপত্রে সই করে।সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইউএনও কার্যালয়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ওই তিন আসামিকে শিরশ্ছেদ থেকে রক্ষায় এক সমঝোতা বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আসামিদের পরিবারের পক্ষ থেকে একটি ব্যাংক হিসাব নম্বরে ২১ লাখ টাকা জমা দেওয়া হলে মোহিদুরের পরিবার ক্ষমাপত্রে সই করবে। আসামিরা শিরশ্ছেদ থেকে মুক্তি পেলে এই টাকা মোহিদুরের পরিবারকে দেওয়া হবে। সে অনুযায়ী তিন আসামির পরিবার গত রোববার ২১ লাখ টাকা দেওয়ার পর গতকাল মোহিদুরের তিন ভাই চান মিয়া, রাজা মিয়া ও হাবিবুর এবং মেয়ে রাজমিন ক্ষমাপত্রে সই করেন।এ সময় ইউএনও নাসরিন সুলতানা, কর্মসংস্থান ও জনশক্তি মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক খালেদা পারভীন, সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন খান এবং মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম সারোয়ারের পক্ষ থেকে আইনজীবী নূরুজ্জামান উপস্থিত ছিলেন।এ ছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ী গ্রামের মো. নূরু ঢালীর ছেলে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি ইকবাল ও হূদয়ের পক্ষে তাঁদের চাচা সিরাজুল ইসলাম, জালাল উদ্দিন ও মামা আক্তার হৃোসেন এবং আরেক আসামি কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামের মো. রমজানের পক্ষে তাঁর বাবা রবিউল ইসলাম, মা মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।ইউএনও নাসরিন সুলতানা জানান, ক্ষমাপত্রটি কর্মসংস্থান ও জনশক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর তা রাষ্ট্রপতির পক্ষ থেকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হবে। দূতাবাস আসামিদের প্রাণরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ক্ষমাপত্রে সই করার পর মোহিদুরের মেয়ে রাজমিন সাংবাদিকদের বলেন, ‘আমার মতো আর কোনো সন্তান যেন এতিম না হয়, সে জন্য আসামিদের ক্ষমা করে দিয়েছি।’ ২০১০ সালে সিঙ্গাইর উপজেলার পূর্ববান্ধাইল গ্রামের তাহের আলীর ছেলে মোহিদুর (৪৫) কুয়েতে খুন হন। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম সে দেশের আদালতে হত্যা মামলা করেন। আদালত ওই তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।