গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখা। বগুড়ায় নির্যাতনের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করার ঘটনায় তুফান সরকার ও তাঁর সহযোগীদের ফাঁসির দাবিতে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী, জিয়া পরিষদ জেলা শাখার সদস্যসচিব খন্দকার আহাদ আহমেদ, সাবেক সাংসদ সাইফুল আলম, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সরকার, মহিলা নেত্রী ঝর্না মান্নান প্রমুখ।
বক্তারা তুফান সরকার ও তাঁর সহযোগীদের ফাঁসির দাবি জানান। গত ১৭ জুলাই বিকেলে ওই মেয়েকে বাড়ি থকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বগুড়া শহর শ্রমিক লীগের নেতা তুফান সরকার। পরে তুফান সরকারের স্ত্রী আশা সরকার এবং তাঁর বড় বোন নারী কাউন্সিলর এবং তুফানের সহযোগীরা ধর্ষণের শিকার মেয়ে ও তার মায়ের ওপর নির্যাতন চালান। এরপর দুজনের মাথা ন্যাড়া করে দেন।