নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের লিটন মিয়া (৩০) হত্যা মামলার প্রধান আসামি বজলুর রহমান ওরফে ডন বজলুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর গ্রামে লিটনের বাড়ির সামনে ওই বিক্ষোভ করে এলাকাবাসী। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এ সময় বিক্ষোভে অংশ নেওয়া লিটনের বড় বোন রাশিদা বেগম জানান, গত রোববার কাঁচপুরের কুতুবপুরে ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে চারজনকে অপহরণ করে দুজনের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। এ দুই ব্যক্তির মধ্যে তাঁর ভাই লিটন ওই দিনই মারা যান। এ ঘটনায় সোনারগাঁ ও বন্দর থানার দুটি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে। মামলার পর থেকে তিনি পলাতক। হত্যাকাণ্ডের ছয় দিন পরও পুলিশ মামলার প্রধান আসামি বজলুর রহমান, বি এম ডালিম, ছাত্রলীগের ক্যাডার ইমরান হোসেনসহ অন্য আসামিদের গ্রেপ্তারে কোনো অভিযান পরিচালনা করছে না। আসামিরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন স্থান থেকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ১৯৮৮ সাল থেকে বজলুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা কাঁচপুর শিল্প এলাকার অধিকাংশ কারখানার ঠিকাদারি ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ করছেন। স্থানীয়ভাবে তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতি করলেও আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলে তাঁরা এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। এলাকায় এ পরিবারের ক্ষমতার দাপট এতই যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা কুতুবপুর এলাকার দুটি সড়কের নাম পরিবর্তন করে বজলুর তাঁর বাবার নামে ‘মতিউর রহমান সড়ক’ নামকরণ করে সড়কের বিভিন্ন মোড়ে নামফলক লাগিয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, বজলুর বিরুদ্ধে হত্যা, দখলসহ ১৬টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।