নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শিশু সোয়াইব হোসেনের (৫) খুনিদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী। তাঁরা উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।
হত্যাকাণ্ডের এক বছর উপলক্ষে আয়োজিত ওই কর্মসূচিতে যোগ দিতে গতকাল সকাল থেকে স্থানীয় তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, তাহেরপুর হাজি লাল মিয়া উচ্চবিদ্যালয়, লিটল এঞ্জেল কিন্ডারগার্টেন, ইকরা কিন্ডারগার্টেন, শান্তিনগর দারুস সালাম নূরানী মাদ্রাসা, তালেমুল কোরআন মাদ্রাসা, দুর্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী মোগরাপাড়া চৌরাস্তায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাঁরা বিভিন্ন ব্যানার নিয়ে মিছিল করে সোয়াইবের খুনিদের ফাঁসির দাবি জানান। পরে তাঁরা মহাসড়কের পাশে মানববন্ধন করেন।
এ সময় সোয়াইবের বাবা মাসুম মিয়া বলেন, জামিনে মুক্তি পাওয়া আসামি ও পলাতক আসামিরা প্রতিদিন ফোন করে আমাকে ও পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে বলছে। নয়তো সোয়াইবের মতো আমাদের জবাই করে হত্যার হুমকি দিচ্ছে।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের শিশু সোয়াইব হোসেনকে গত বছরের ২০ ফেব্রুয়ারি অপহরণ করে সন্ত্রাসীরা। ২৬ ফেব্রুয়ারি সোয়াইবের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতেই সোয়াইবের বাবা মাসুম মিয়া নয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশ ওই আসামিদের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।