আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু হানজালাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি
গ্রামের লোকজন। গতকাল শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন তাঁরা।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তরফসোনামণি, ধীতপুর ও মাইজবাগ গ্রামের কয়েক হাজার লোক মাইজবাগ বাজার ও বাসস্ট্যান্ডে জড়ো হয়ে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। তাঁরা শিশু হানজালাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন। মিছিল চলার সময় মহাসড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। পরে তাঁরা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, মগটুলা ইউনিয়নের তরফসোনামণি গ্রামের কৃষক মো. জাকারিয়ার ছেলে মো. হানজালাকে (৮) গলা কেটে হত্যা করে লাশ পালাহার গ্রামের ভুট্টাখেতে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় পুলিশ তরফসোনামণি গ্রামের চানাচুর বিক্রেতা মো. মোস্তাকীম মিয়া (২৪) ও ধীতপুর গ্রামের পোনা বিক্রেতা মানিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে মোস্তাকীম হত্যার কথা স্বীকার করে লাশের সন্ধান দেন। পুলিশ লাশটি বৃহস্পতিবার রাতে উদ্ধার করে। পরদিন শুক্রবার মোস্তাকীম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শিশুটিকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামের লোকজন বৃহস্পতিবার গভীর রাতে মোস্তাকীম ও মানিক মিয়ার বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ গিয়ে গ্রামবাসীকে সতর্ক করে।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর ই কাশেম বলেন, প্রধান আসামি মোস্তাকীমকে আগেই কারাগারে পাঠানো হয়েছিল। গতকাল অপর আসামি মানিক মিয়াকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।