কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের আবদুল কুদ্দুস (৬০) হত্যাকাণ্ডের জের ধরে গতকাল সোমবার আসামিপক্ষের ২০-২২টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বাদীপক্ষের লোকজন। এ ঘটনায় আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রোববার কুদ্দুস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের শ্যালক ফজলুর রহমান বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন।আসামিপক্ষের লোকজনের অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করার উদ্দেশ্যে বাদীরাই কুদ্দুসকে হত্যা করেছে।আশুতিয়াপাড়া গ্রামের গৃহবধূ পারভীন আক্তার, বানেছা খাতুন, নাজমা আক্তার, রাহিলা খাতুন, রফিক, নূর মোহাম্মদ ও স্কুলশিক্ষক আছমা আক্তার জানান, ফজলুর রহমানের বাড়িতে ফজলুর ও তাঁর লোকজন কুদ্দুসকে হত্যা করে লাশ ব্র্যাক স্কুলের সামনে ফেলে রেখে যায়। পরে হত্যাকাণ্ডের অজুহাতে বাদীর লোকজন শহীদ মিয়া, তাজুল ইসলাম, নুরুল হক, রুস্তম আলী, গেন্দু মিয়া, ওমর সিদ্দিক, সাইফুল ইসলাম ও আসাদুজ্জামান সাঈদুরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।তবে, নিহত কুদ্দুসের প্রতিবেশী শরীফুল ইসলাম, আবদুল আলী ও নজরুল ইসলাম জানান, রোববার সকালে শহীদ মিয়ার নেতৃত্বে ৭০-৮০ জন লোক ফজলুরের বাড়িতে হামলা চালিয়ে বল্লম ও রামদা দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে কুদ্দুসকে হত্যা করে। হামলাকারীরা বাড়ির সামনে আবদুল গণির দোকান ভাঙচুর ও লুটপাট করে। ঘটনাস্থলে উপস্থিত আশুতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলী ও তাঁর লোকজন আশঙ্কাজনক অবস্থায় কুদ্দুসকে হাসপাতালে নেওয়ার পথে ব্র্যাক স্কুলের সামনে তাঁর মৃত্যু হয়। এই অবস্থায় সেখানেই লাশ রেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘সংঘর্ষের কথা শুনে আমি ঘটনাস্থলে আসি এবং গুরুতর আহত কুদ্দুসকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান বলেন, কুদ্দুস হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার এবং সন্দেহভাজন আরও একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কুদ্দুসের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে—এই প্রশ্নের জবাবে ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার প্রকৃত কারণ ও ধরন জানা যাবে। পরে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।