ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় মা, মেয়ে এবং নাতির ওপর এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল রোববার দুটি মানববন্ধন হয়েছে। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়ক তহবিলের উদ্যোগে বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় এ মানববন্ধন হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ মানববন্ধনে যোগ দেয়।বাথুলির তজিম উদ্দিনের স্ত্রী কমলা বেগম (৫৫), মেয়ে তানিয়া আক্তার (১৮) এবং নাতি তানভির হাসানের (১০) ওপর গত সোমবার রাতে এসিড ছোড়ে দুর্বৃত্তরা। তাঁরা এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার এক বখাটের প্রেমের প্রস্তাব তানিয়া প্রত্যাখ্যান করায় তাঁদের এসিডে ঝলসে দেওয়া হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।বেলা ১১টায় বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হাতে হাত রেখে দাঁড়িয়ে পড়ে কয়েক শ মানুষ। এ সময় তাদের হাতে ছিল অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিসংবলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড।এর আগে সকাল ১০টায় ঢাকার ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডের পাশে অপর একটি মানববন্ধনের আয়োজন করা হয়। ধামরাই হার্ডিঞ্জ বিদ্যালয় ও ব্রিগেডিয়ার ইউনুস দেওয়ান বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। তানিয়ার অভিযোগ, কলেজে যাওয়া-আসার পথে প্রতিবেশী আলমগীর হোসেন ও মহিদুল ইসলাম নামে দুই যুবক তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করত। ঘটনার এক সপ্তাহ আগে আলমগীর তাঁকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁদের এসিডে ঝলসে দেওয়া হয়েছে।ঘটনার পরের দিন তানভিরের মা মালেকা বেগম ধামরাই থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, আসামিদের মধ্যে মহিদুল ইসলাম ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।