
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নয়াপাড়া গ্রামের শাহানাজ বেগমকে ধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার তারা ঘোষগাঁও বাজারে এই কর্মসূচি পালন করে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্র জানায়, ২০০৯ সালের ৩ অক্টোবর ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও নয়াপাড়া গ্রামের শাহনাজ বেগম বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের মানিক মিয়া ও সুজন মিয়া তাকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। এ ঘটনায় একই বছরের ৫ অক্টোবর পুলিশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করে। মামলার অভিযোগপত্রে মানিক ও সুজনকে রেখে বাকিদের অব্যাহতি দেওয়া হয়। ছয় বছর আগে এই ঘটনা ঘটলেও এখনো এ মামলার আসামিদের বিচার হয়নি।
ওই মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে ঘোষগাঁও উচ্চবিদ্যালয় ও ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।