রংপুরের মিঠাপুকুর উপজেলায় চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে যাত্রী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল রোববার শুরু হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুজ্জামানের আদালতে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
মামলার বাদী মিঠাপুকুর থানার এসআই আবদুর রাজ্জাক সকাল থেকে দুপুর পর্যন্ত সাক্ষ্য দেন। তিনি মামলার অভিযোগপত্র থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।
তবে সাক্ষ্য গ্রহণ চলাকালে আসামিপক্ষের আইনজীবীরা ‘প্রস্তুত নন’ বলে আবেদন করলে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৫ নভেম্বর ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁদের প্রস্তুতি না থাকায় তাঁরা সাক্ষ্য গ্রহণের দিন পেছানোর আবেদন করেছেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক বলেন, এই মামলায় ১৩২ জন আসামির মধ্যে ৫১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁদের সবাইকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। বাকি ৮১ জন পলাতক রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) নজরুল ইসলাম বলেন, এই মামলায় ৬০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে গত ১৩ জানুয়ারি মধ্যরাতে রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী খলিল এন্টারপ্রাইজ নামের বাসে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এতে দগ্ধ হয়ে মারা যান পাঁচ যাত্রী।
গত ১৭ মে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিঠাপুকুরের জামায়াত-শিবিরের ১৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। পরে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর হয়।