সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির তৎকালীন সভাপতি সর্বানন্দ তালুকদারসহ চারজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে গত ৯ মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদী হয়ে সর্বানন্দ তালুকদারসহ পাঁচজনকে আসামি করে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন।
মামলার আরজি সূত্রে জানা গেছে, নানা বিষয় নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাস ও সহকারী শিক্ষক মণি রানী তালুকদারের সঙ্গে সর্বানন্দ তালুকদারের বিরোধ চলে আসছিল। গত ৩ মার্চ সর্বানন্দ তালুকদার সাত-আটজন লোক নিয়ে বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাস ও সহকারী শিক্ষক মণি রানী তালুকদারকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ৮ মার্চ দিপালী রানী দাস বাদী হয়ে সর্বানন্দ তালুকদারসহ পাঁচজনকে আসামি করে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। ওসি নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেন। বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য ছিল। ওই দিনই ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে আসামি সর্বানন্দ তালুকদারসহ চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।