আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন শুনানির পূর্বপ্রস্তুতি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু রাজন, শিশু রাকিব , সস্ত্রীক পুলিশ কর্মকর্তা, আহমেদ রাজীব হায়দার
শিশু রাজন, শিশু রাকিব , সস্ত্রীক পুলিশ কর্মকর্তা, আহমেদ রাজীব হায়দার

আলোচিত চার মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরি হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ছাপাখানা থেকে পেপারবুকগুলো ইতিমধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছেছে।

মামলাগুলো হলো: সিলেটের শিশু সামিউল আলম (রাজন) হত্যা মামলা, খুলনার শিশু রাকিব হাওলাদার, ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান দম্পতি এবং ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলা।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ (প্রশাসন ও বিচার) গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, প্রক্রিয়া শেষে অবকাশের পর মামলাগুলো প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে। প্রধান বিচারপতি যদি এসব মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন, তাহলে তা হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে যাবে ও শুনানি হবে।
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হয়েছে, শেষ হবে ২৯ অক্টোবর।
নিম্ন আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা হিসেবে পরিচিত। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করার সুযোগ পান। ডেথ রেফারেন্স শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরি করতে হয়। পেপারবুকে মামলার এজাহার, অভিযোগপত্র, জব্দ তালিকা, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও নিম্ন আদালতের রায় পর্যায়ক্রমে লিপিবদ্ধ থাকে।

আদালত সূত্র জানায়, এর আগে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হয়েছিল। অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যে এসব মামলা উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে।

চার মামলা: গত বছরের ৩ আগস্ট খুলনার টুটুপাড়া কবরখানা মোড়ে শরীফ মোটর্স নামের এক মোটর গ্যারেজে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় শিশু রাকিবকে। ওই মামলায় গত ৮ নভেম্বর রায় দেন খুলনা মহানগর দায়রা জজ আদালত। রায়ে শরীফ মোটর্সের মালিক ওমর শরীফ ও তাঁর দূরসম্পর্কের চাচা মিন্টু মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত বছরের ১০ নভেম্বর নিম্ন আদালতে রায় ও মামলার নথিপত্র হাইকোর্টে পৌঁছে ও নথিভুক্ত হয়।

সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয় গত বছরের ৮ জুলাই। ওই হত্যা মামলায় গত বছরের ৮ নভেম্বর সিলেটের একটি আদালত রায় দেন। তাতে প্রধান আসামি কামরুল ইসলামসহ চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, পাঁচ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রায়সহ এ মামলার নথিপত্র গত বছরের ১০ নভেম্বর হাইকোর্টে পৌঁছায় এবং ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

২০১৩ সালের ১৬ আগস্ট ঢাকার মালিবাগের এক ফ্ল্যাট থেকে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই মামলায় গত ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে ওই দম্পতির মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ড, তাঁর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে এবং পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় গত ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ রায় দেন। রায়ে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল আজাদ রানা (পলাতক) ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমুদ্দিন রাহমানীসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। জসিমুদ্দিন রাহমানী ছাড়া সাজাপ্রাপ্ত বাকি আসামিরা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

নিম্ন আদালতের রায়সহ মামলার নথিপত্র চলতি বছর ১৭ জানুয়ারি হাইকোর্টে এসে পৌঁছে ও ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।