কুষ্টিয়ার কুমারখালীতে গাছে বেঁধে শিশু জুয়েলকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। সেই সঙ্গে এ মামলার তৃতীয় আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক।
কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার মণ্ডলপাড়া এলাকায় মুঠোফোন চুরির অভিযোগে গত বুধবার আট বছর বয়সী শিশু জুয়েলকে আমগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। আশপাশে দাঁড়িয়ে এই দৃশ্য অনেকে দেখলেও কেউ শিশুটিকে রক্ষায় এগিয়ে যায়নি। খবর পেয়ে শিশুটির ভাই গিয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, নারী-শিশুসহ বেশ কিছু মানুষের জটলার মধ্যেই জুয়েলের শরীরে সপাসপ ডাল দিয়ে আঘাত করা হয়েছে। তার আর্তচিৎকার চারদিকে ছড়িয়ে পড়লেও কেউ রক্ষা করতে এগোয়নি। মারধর করতে করতে তানজেল বলতে থাকেন, ‘সত্যি করি ক, মোবাইল কনে?’ জুয়েল যতবার ‘জানি না’ বলে, ততবার তার শরীরে জোরে জোরে ডালের বাড়ি পড়ে। আর জুয়েল চিৎকার করে বলছে, ‘ও কাকা, আমি জানি না। কিচ্ছু জানি না। ও আল্লাহ, আমারে বাঁচাও।’
জুয়েলকে মারধরের ঘটনায় বুধবার রাতেই কুমারখালী থানায় মামলা করেন তার ভাই রব্বেল। পরে পুলিশ ছেঁউড়িয়া এলাকার অভিযুক্ত তানজেল (৩৫) ও তাঁর শাশুড়ি রোকেয়া খাতুনকে (৪৮) আটক করে। মামলায় দুজনকেই গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বছর তিনেক আগে জুয়েলের বাবা মারা যান। মা অন্যত্র চলে যান। জুয়েলরা তিন ভাই ছেঁউড়িয়া এলাকায় থাকে। বড় ভাই রব্বেল (১৯) স্থানীয় একটি দোকানে কাজ করেন। জুয়েল কাজ করে আরেক দোকানে। ছোট ভাই জনির বয়স ছয় বছর। ৩ আগস্ট ছেঁউড়িয়া এলাকার বাসিন্দা তানজেলের একজন নিকটাত্মীয়র একটি মুঠোফোন চুরি হয়। এতে জুয়েল ও আরেকটি শিশুর বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর জরুরি বিভাগের সামনে জুয়েল প্রথম আলোকে বলে, বুধবার বেলা আড়াইটার দিকে তাকে এক যুবক দোকান থেকে ধরে তানজেলের বাড়ির সামনে নিয়ে যান। পরে দুই হাত দড়িতে বেঁধে তাকে আমগাছের সঙ্গে টানানো হয়। মোবাইল ফোন চুরির অভিযোগে তানজেল আমগাছের ডাল ভেঙে তাকে মারতে থাকেন। মারধরের সময় আশপাশের লোকজন দাঁড়িয়ে ছিলেন। কেউ কিছু বলেননি। মারধরে তানজেলের সঙ্গে যোগ দেন তাঁর বন্ধু মিরু ও আরেক নারী। জুয়েল বলে, ‘আমাকে অনেকক্ষণ ধরি মারিছে। আমি কিছু জানি না বললেও তারা থামেনি।’
কুমারখালী থানার ওসি আবদুল খালেক বলেন, জুয়েলকে মারধরের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তানজেল ও তাঁর শাশুড়ি রোকেয়াকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান বলেন, শিশু নির্যাতন গুরুতর অপরাধ। ঘটনার পরপরই পুলিশ প্রশাসনকে বলা হয়। জুয়েলের বাড়িতে এডিএম ও জেলা সমাজসেবার ডিডিকে পাঠানো হয়েছিল।