কুমিল্লার আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুলের দুই সহকারী শিক্ষক জসিমউদ্দিন ও আল আমিনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের শনাক্ত করেছে পুলিশ। এদের একজনের বাড়ি কুমিল্লা রেলস্টেশনের পেছনের একটি ক্লিনিকের সঙ্গে। অন্যজনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তবে ওই আসামি বর্তমানে নগরের ছাতিপট্টি এলাকায় থাকে। উভয় আসামি ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই ঘটনার প্রতিবাদ করায় দুই শিক্ষক এসিড-সন্ত্রাসের শিকার হন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইলতুৎ মিশ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা চট্টগ্রামে পিকনিকে যায়। সে সময় শিক্ষার্থীদের বহনকারী বাসের পেছনে এফ প্রিমিউ মডেলের একটি প্রাইভেট কারও যায়। এতে এসিড নিক্ষেপকারী ওই দুই সন্ত্রাসী ছিল। পরবর্তী সময়ে প্রাইভেট কারটিকে নগরের পুরাতন চৌধুরীপাড়া ও ছাতিপট্টি এলাকায় একাধিকবার দেখা গেছে। এসিড নিক্ষেপকারীদের একজনের বাবা এক বছর আগে মারা যান। বাবা মারা যাওয়ার পর ছেলেটি বখাটে হয়ে যায়। তার একটি বোনও রয়েছে। অপরজন কুমিল্লার বিখ্যাত এক হোটেল ব্যবসায়ীর বোনের ছেলে। নগরের ‘শ’ আদ্যক্ষরের এক ব্যক্তির মেয়েকে ওই দুই এসিড-সন্ত্রাসী উত্ত্যক্ত করত। দুই শিক্ষক এর প্রতিবাদ করায় তাঁরা এসিড-সন্ত্রাসের শিকার হন। সহকারী পুলিশ সুপার আরও জানান, এসিড-সন্ত্রাসীরা কুমিল্লা থেকে চলে যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।