
পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্বজিতের বাবা অনন্তচন্দ্র দাস। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ এই মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।
অনন্তচন্দ্রের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ বি এম নিজামুল হক এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য কাল মঙ্গলবার দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম বলেন, সাক্ষ্য দেওয়ার সময় অনন্তচন্দ্র দাস বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি আদালতে বলেন, গ্রামের বাড়িতে থেকেই তিনি বিশ্বজিৎ হত্যার খবর পান। ঢাকায় আসতে পারেননি। বিশ্বজিতের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে তিনি সৎকারের ব্যবস্থা করেন।
বিশ্বজিতের বাবা বলেন, তাঁর মতো আর কাউকে যেন এভাবে সন্তানহারা হতে না হয়। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ মামলায় গতকাল পর্যন্ত ৩০ জনের সাক্ষ্য শেষ হয়েছে। কারাগারে আটক আট আসামি রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফাকে গতকাল আদালতে হাজির করা হয়। বাকি ১৩ আসামি পলাতক। আসামিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়।