মানিকগঞ্জে চলন্ত বাসে এক পোশাকশ্রমিক তরুণীকে ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি প্রকল্পের উদ্যোগে মানববন্ধন করা হয়। এরপর শহরের শহীদ রফিক সড়কে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা ব্র্যাক প্রতিনিধি আবু জাফর, স্থানীয় কর্মকর্তা জেড এম জালাল, মো. ইউনুস আলী, রেহেনা খানম, শাহরিয়ার কবি, এমদাদুল হক প্রমুখ। এ সময় ওই তরুণীকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়ে বক্তারা ধর্ষণ এবং নারী নির্যাতন রুখতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বেলা ১১টার দিকে ছাত্র ফেডারেশনের ব্যানারে ধর্ষণকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও জেলার সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক ও কলেজশিক্ষক সাইফুদ্দিন আহমেদ, নারী সংহতির কেন্দ্রীয় সদস্য জান্নাতুল মরিয়ম, ছাত্র ফেডারেশনের জেলা শাখার সভাপতি আল জাহিদ প্রমুখ। ওই তরুণী (১৮) গত বৃহস্পতিবার দুপুরে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন।