আসামিদের শাস্তির দাবি ৩ সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গৃহবধূকে নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগে শ্বশুর-শাশুড়ি ও স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম সুমাইয়া আক্তার (২৮)। তাঁর স্বামী সৈয়দ কামরুল হাসান (৩৬)। সুমাইয়ার শ্বশুর সৈয়দ নাজমুল হাচান (৬৫) ও শাশুড়ি সৈয়দা কামরুন্নাহার (৫২)। তাঁদের বাড়ি শহরতলির বায়তুল আমান এলাকায়।
কোতোয়ালি থানার এসআই গাফফার বলেন, সুমাইয়া গত শনিবার তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পর শ্বশুর সৈয়দ নাজমুল হাচানকে শনিবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এজাহার সূত্রে জানা যায়, ১০ বছর আগে সুমাইয়ার সঙ্গে কামরুলের বিয়ে হয়। কয়েক বছর ধরে কামরুল প্রায়ই সুমাইয়াকে মারধর ও নির্যাতন শুরু করে। গত শুক্রবার স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাঁকে নির্মম নির্যাতন করেন।
গতকাল বেলা ১১টার দিকে ফরিদপুর শহরে মহিলা পরিষদের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বলা হয়, গ্রেপ্তার হওয়া নাজমুল হাচান জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি। তাই তাঁকে ছাড়ানোর জন্য বিভিন্ন মহলের তৎপরতা চলছে।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের জেলা সভাপতি শিপ্রা রায়, সাধারণ সম্পাদক খাদিজা বেগম, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, ব্লাস্টের প্যারা লিগ্যাল রমা খান, হাসিনা মমতাজ প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, গত সোম ও মঙ্গলবার ঘটনার তদন্ত করে সুমাইয়ার অভিযোগের সত্যতা মিলেছে।
এ ব্যাপারে কথা বলার জন্য সুমাইয়ার স্বামী কামরুল হাসানের মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে গ্রেপ্তারের পর শ্বশুর নাজমুল হাচান পুলিশের কাছে দাবি করেছেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নির্দোষ। অন্যায়ভাবে তাঁদের ওপর দোষ চাপানো হচ্ছে।